নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের কচুকটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। আহত মিঠু ইসলাম নিহত নির্মাণ শ্রমিক মজিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, সকালের দিকে গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্প দিয়ে ওই পুকুরের পানি নিস্কাশন করছিল জালাল, মজিবরসহ এলাকার কয়েকজন ব্যক্তি। এসময় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মজিবুর রহমানের। এসময় জালাল উদ্দিন ও নিহত মজিবর রহমানের ছেলে মিঠু ইসলাম আহত হন। এলাকাবাসী তাদের দু’জনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মিঠু ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, খবর পাওয়ার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172132