পাবনার চাটমোহরে মাদকসেবীর কারাদণ্ড
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড এবং একশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত মাদকসেবী চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মিনারুল(২৩)। থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর মিশন গেট এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিনারুলকে আটক করে।
মিনারুল এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত। গতকাল মঙ্গলবার দুপুরেও সে তিনজন শিশুকে মারপিট করে তাদের কাছ থেকে একটি বাইসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172121