বগুড়ায় সেই কনস্টেবল সাময়িক বরখাস্ত
স্টাফ রিপোর্টার : অপহৃত মেয়েকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের দাবিতে সরব আদমদিঘী থানার আলোচিত কনস্টেবল রানা মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করে আদমদিঘী থানার ওসি মো: কামরুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ শৃংখলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছেন। গত ৬ জুন জারি হওয়া এক আদেশে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তিনি আরো বলেন, কনস্টেবল রানা মাসুদ শৃংখলা মানতেন না। আদমদিঘী থানায় যোগদান করলেও নিয়মিত ডিউটি করতেন না। তিনি গড় হাজির থাকতেন। এদিকে, সম্প্রতি কনস্টেবল রানা মাসুদের মেয়ে তাসনিয়া রানা তামান্না প্রেমিক শহিদ হোসেনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে এঘটনায় নাবালক মেয়ে অপহরণের অভিযোগে কনস্টেবল রানা থানায় অপহরণের মামলা দায়ের করেন।
পরে রানা তার মেয়েকে উদ্ধারে আদমদিঘী ও পাঁচবিবি থানার পুলিশ সদয় নয় বলে অভিযোগ তুলে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের বিরুদ্ধে সরব হন এবং বিভিন্ন মন্তব্য করে পোস্ট দেন। কিন্তু পুলিশের উর্ধতন কর্মকর্তা বলেন, কনস্টেবল রানা মাসুদের মেয়ে সেচ্ছায় পালিয়ে বিয়ে করেছেন। তাকে অপহরণের বিষয়টি মিথ্যা বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
এদিকে, তার মেয়ে বাবার দায়ের করা অপহরণ মামলার ব্যাপারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে জানিয়ে দেন তাকে কেউ অপহরণ করেনি। তিনি সেচ্ছায় ঘর ছেড়ে পালিয়ে এসে বিয়ে করে সুখে শান্তিতে আছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172114