রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে রেজাউল করিম (৫৫) ওরফে রাজা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাংশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রেজাউল করিম ওরফে রাজা খান পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের মৃত জুলমত খানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকায় অবস্থিত লিজা হেলথ কেয়ার ক্লিনিকের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। ক্লিনিক পরিচালনা করতে হলে প্রতি মাসে এক লাখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে রেজাউল করিম ও হালিম শেখ দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঝামেলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মাহবুব হোসেন রিপন অভিযুক্তদের ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। পরে গত ৯ জুন বিকেলে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকায় রিপনের কাছে আবারও এক লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর খোন্দকার মাহবুব হোসেন রিপন বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন।

এদিকে প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেছে পাংশা উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকপক্ষ। তবে চাঁদা দাবি ও হুমকির প্রতিবাদে উপজেলার ২৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

পাংশা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172102