বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মামলার নথি ছিনতাই
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মো: মইনুল ইসলাম নামে পুলিশের এক কর্মকর্তাকে ছুরিকাহত করে মামলার নথিসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় পেপসি কোম্পানির কাছে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এসআই পদে কৈগাড়ী ফাঁড়িতে কর্মরত আছেন।
পুলিশ সুত্র জানায়, এসআই মইনুল ইসলাম শাজাহানপুর থানায় তার প্রয়োজনীয় কাজ শেষে একটি ব্যাগে মামলার নথি নিয়ে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে বনানী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চেপে কর্মস্থল কৈগাড়ী ফাঁড়িতে যাচ্ছিলেন। এসময় তিনি সাদা পোশাকে ছিলেন। কিন্তু পথিমধ্যে তিনি ফুলদিঘী এলাকায় পেপসি কোম্পানির কাছে মিয়াপাড়া কবরস্থানের সামনে সড়কে কয়েকজন দুর্বৃত্তের কবলে পড়েন।
এসময় দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে হাতে থাকা মামলার নথিসহ ব্যাগ ছিনিয়ে নেয়ার চষ্টা করে। তখন তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তার ডান পায়ের হাঁটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছ থেকে নথিসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। শাজাহানপুর থানার ওসি মো: আশিক ইকবাল বলেছেন হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার নথিসহ ব্যাগটি উদ্ধার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172067