সাতক্ষীরায় বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনী উপজেলায় বজ্রপাতে নদীতে নিখোঁজ হওয়া জেলে আরিফ হাসান (৩৫)-এর মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার(৯) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকার কপোতাক্ষ নদীর চাউলখোলা-খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত আরিফ হাসান চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে আরিফ হাসান একা নৌকা নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন। একই সঙ্গে তার নৌকাটিও ডুবে যায়। ঘটনার পর স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসী মিলে উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করেন। তবে আরিফের কোনো খোঁজ মেলেনি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করে।

অবশেষে মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা-খুটিকাটা লঞ্চঘাটের পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আরিফ হাসানের বলে শনাক্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172066