ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির একদল গ্রাহক।
বুধবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শেষে তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে এই স্মারকলিপি জমা দেন।
সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে তারা ব্যানার-ফেস্টুনসহ সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে পুরানা পল্টন মোড় এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি আর এগোতে না পেরে গ্রাহকরা পল্টন এলাকাতেই সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পল্টনে অবস্থান কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। তারা অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাত দফা সংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী গ্রাহকরা বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙে দিতে হবে। এর পরিবর্তে ব্যাংকিং খাতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের জোর দাবি জানান তারা।
আন্দোলনকারী গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের স্বার্থে উত্থাপিত এই সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172049