এবার ইরানী সমর্থকদের টিকিট বাতিল করল ফিফা
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র একদিন। আর এমন সময়ই দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে আকস্মিকভাবে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা। ফলে ভিসা জটিলতার পর ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থককরা।
গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ বলে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা তারা নিজেদের দেশের সমর্থকদের মাঝে বণ্টন করে। ইরান ফেডারেশন ইতোমধ্যেই সেই টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল।
এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করে অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এর পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই ভূ-রাজনৈতিক উত্তাপের ছায়া পড়েছে চলতি বিশ্বকাপেও। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দলটি মেক্সিকোতে এসে পৌঁছায়। অনেক জলঘোলার পর গত সপ্তাহে আমেরিকার প্রশাসন সমস্ত ইরানি ফুটবলারকে ভিসা দিলেও দলের বেশকিছু গুরুত্বপূর্ণ স্টাফকে এখনও ভিসা দেওয়া হয়নি।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান খেলছে গ্রুপ ‘জি’ তে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172039