বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে টিকিট নিয়ে অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, বিশ্বকাপে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করা হয়েছে, ফলে অনেক সমর্থক ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্তকে ‘ইরানি সমর্থকদের উপস্থিতি পণ্ড করার চক্রান্ত’ বলে উল্লেখ করে। তারা জানায়, সমর্থকরা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে টিকিট পাওয়ার আশা নিয়ে আগেই ভ্রমণ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।
ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশ নিজেদের প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ পায়। তবে ইরানের দাবি, অপ্রত্যাশিতভাবে তাদের এই বরাদ্দ বাতিল করা হয়েছে এবং বর্তমানে ফেডারেশন সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করতে পারছে না।
ফেডারেশনের মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থি।
এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও ছিল নানা জটিলতা। দীর্ঘ টানাপোড়েনের পর প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পান দেশটির ফুটবলাররা। তবে কয়েকজন কর্মকর্তা এখনও ভিসা পাননি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইরান শুরুতে সেখানে খেলতে আপত্তি জানিয়েছিল। ফলে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভিসা জটিলতার কারণে জাতীয় দলের বেস ক্যাম্পও অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিহুয়ানায় স্থানান্তর করা হয়।
আগামী বৃহস্পতিবার শুরু হওয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের মুখোমুখি হবে তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172000