নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে রফিক ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন প্রদক্ষিণ শেষে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা। সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যেকোনো চেষ্টা রুখে দিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যদিকে আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির যেকোনো চেষ্টা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকে ছাত্রলীগের ব্যানার হাতে মানববন্ধনের একটি ছবি ছড়িয়ে পড়ে। তবে ছবিতে অসংলগ্নতা দেখা যাওয়ায় এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে মানববন্ধনের দাবি করা হলেও প্রত্যক্ষদর্শীরা এমন কোনো কর্মসূচি দেখেননি বলে জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171998