ছেলে সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী দত্তক নিতে আবেদন করছেন অনেকে
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আনুমানিক ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ্য থাকলেও সঠিক ঠিকানার অভাবে বাড়ি ফেরা নিয়ে অনিশ্চিয়তায় দিন কাটছে তাদের।
অনেক জিজ্ঞাসাবাদের পর ওই নারী জানান, তার নাম মিশু, বাবার নাম আসলাম, মহিলা মেম্বারের নাম দুলালী, তার বাড়ি আত্রাই, সেখানে নদী আছে, স্বাস্থ্য ক্লিনিক আছে এবং বাবা আসলাম একজন ডাক্তার, তার ভবানীপুর বাজারে ডিসপেনসারি আছে।
ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা উপজেলার ১০ রাণীপুকুর ইউনিয়নের বরাহ নগর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী মোছা. রিতা বেগম জানান, প্রায় দশ দিন আগে গর্ভবতী ওই নারী তাদের বাড়ির সামনে আসেন। পরে তাকে বাড়িতে আশ্রয় দেন তিনি। তবে পরিচয় জানতে চাইলেও তিনি বলেননি। এদিকে প্রসব ব্যথা উঠলে গত শুক্রবার সকালে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই নারীকে। এসময় শিশুটির নিরাপত্তার জন্য মা ও শিশু দু’জনেরই দায়িত্ব নিতে চান বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জার্তীময় সরকার বলেন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৫ জুন সকালে এক মানসিক ভারসাম্যহীন নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে তার সঠিক পরিচয় বের করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু তিনি মানসিক ভারসাম্যহীন তাই তার ও তার শিশুর পৃথকভাবে থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ক্ষেত্রে বিরল উপজেলা প্রশাসন সহযোগিতা করছে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম জানান, এব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি ডায়েরি করেছেন। সে হিসাবে থানার অফিসার ইনচার্জ তাকে প্রভেশন অফিসার হিসাবে অবহিত করেন। এবিষয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ড গত রোববার একটি জরুরি মিটিং করি।
এতে সিদ্ধান্ত হয় যে, যারা শিশুটিকে দত্তক নিতে চান, তারা আগামী ১১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর ১৪ এবং ১৫ তারিখে করে যাকে উপযুক্ত মনে করবো তাকে আমরা ১৬ তারিখে বাচ্চাটি হস্তান্তর করবো। আর যদি উপযুক্ত কাউকে না পওয়া যায়, তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ কল্যাণ অধিদপ্তরে বাচ্চাটিকে ছোটমনি নিবাসে প্রেরণ করবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171966