ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিঘ্ন
মুন্সীগঞ্জে হঠাৎ ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে সড়কের ওপর পড়ে একাধিক স্থানে যান চলাচলে বিঘ্নতা ঘটেছে।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে আকস্মিক এই ঝড় আঘাত হানে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যে, সিরাজদিখান উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি গাছ মালবোঝাই অটোরিকশার ওপর পড়ে গেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অটোরিকশার চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এদিকে একই সময়ে গজারিয়া উপজেলার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ঝড়ের কারণে গাছ উপড়ে ও ডাল ভেঙে সড়কের ওপর পড়ে। এতে কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। তাদের তৎপরতায় পরিস্থিতির উন্নতি হলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171943