গলাচিপায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় কচুরিপানা ভর্তি একটি পুকুর থেকে মাঈনুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় দেখা যায়। নিহত মাঈনুল ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয় মাঈনুল। পরে আর সে বাড়ি ফিরে আসেনি। আজ মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্ট সংলগ্ন একটি কচুরিপানা ভর্তি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাঈনুলের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করা এখনও সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171908