বগুড়ার শেরপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জমির মধ্যে থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহেগুনী গাছ ও সাব্বিরের ওপর পড়লে সাব্বির গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন এবং গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে। লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171867