কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্কমেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর কলকাতা পৌরসভা (কেএমসি) ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার জারি করা এক নির্দেশনায় মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য ও নির্বাচিত কাউন্সিলরদের সব প্রশাসনিক ক্ষমতা বাতিল করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কলকাতা পৌরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিই পৌরসভার সব প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

সরকারি আদেশে বলা হয়েছে, ১৯৮০ সালের কলকাতা পৌর করপোরেশন আইনের ১১৭ ধারার আওতায় অবিলম্বে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে। ফলে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য ও নির্বাচিত কাউন্সিলরদের পদ ও ক্ষমতা বাতিল হয়েছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমোদনের পর এ বিষয়ে নোটিশও পাঠানো হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, পৌর আইনের ১১৮ ধারার ১(খ) উপধারা অনুসারে এতদিন পৌরবোর্ড, মেয়র ও মেয়র-ইন-কাউন্সিল যে ক্ষমতা প্রয়োগ করত, এখন তা প্রশাসক স্মিতা পাণ্ডের অধীনে পরিচালিত হবে।

তবে এই ব্যবস্থা সাময়িক। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, প্রশাসক সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন হয়ে নতুন বোর্ড দায়িত্ব নিলে তাঁর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171859