কুড়িগ্রামের রাজারহাটে ভেঙে পড়েছে একমাত্র কাঠের সাঁকো, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খালের ওপর নির্মিত একমাত্র কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় কয়েকটি গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বিকল্প সড়ক বা পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে এলাকাবাসীরা দাবী জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটির ওপর নির্মিত কাঠের সাঁকোটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন প্রতিদিন এ পথ ব্যবহার করতেন। সম্প্রতি বর্ষার পানির তীব্র স্রোতে সাঁকোর খুঁটি ও ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়ে সেটি অচল হয়ে পড়ে।
এলাকাবাসীরা বলেন, কয়েক বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খননকৃত খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালের গভীরতা বৃদ্ধি করা হয়। এর ফলে বর্ষাকালে পানির তোড়ে সাঁকোর নিচের মাটি সরে ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
পরে স্থানীয়দের উদ্যোগে সাঁকোটি একাধিকবার মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। গত বছরও স্থানীয় জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারীর অর্থায়নে কাঠের সাঁকোটি সংস্কার করা হয়। কিন্তু সাম্প্রতিক বর্ষায় পানির প্রবল স্রোতে আবারও সেটি ভেঙে পড়ে।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে বিষয়টি যাচাই করা হবে। সেখানে কোনো সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
এদিকে কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর) আসনের সংসদ সদস্য ড. মো. আতিকুর রহমান মোজাহিদ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171838