সিরাজগঞ্জের কাজিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৫৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আরও দুই ব্যবসায়ীর সাথে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
এসময় দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা গরু বিক্রির টাকা এবং সাথে থাকা অন্য ব্যবসায়ীর টাকা মিলিয়ে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলযোগে চরভানুডাঙ্গা সড়কের দিকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও রাজ্জাকের সাথে থাকা অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর সাথে থাকা রুহুল আমিন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করেছেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171836