গাইবান্ধায় জমিজমার বিরোধে কলেজ ছাত্র খুন
গাইবান্ধা জেলা প্রতিনিধি : জমিজমার বিরোধে গাইবান্ধায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম ফাহমিদ রুমন (১৮)। একই ঘটনায় নিহত রুমনের বড় ভাই ফারদিন রহিত (২০) গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুরে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে রুমন ও রহিত সহোদর দুই ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সাথে রহিতদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই জেরে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রাকিব ছুরি দিয়ে রহিতকে উপর্যুপরি আঘাত করে। রহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে এলাকাবাসী রহিত ও রুমনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করে। গুরতর আহত রহিত হাসপাতালে চিকিৎসধীন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171835