নওগাঁর মান্দায় আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টায় পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার সাথে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাটোইর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের ছেলে শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম নামায়।
এ নিয়ে আব্দুল মোমিন ওই শিশুকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে আজ সোমবার (৮ জুন) সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এসময় বাধা দেওয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আব্দুল মোমিন (২৬) ও রিয়ান (৮) নামে এক শিশুকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারও হামলা করেন প্রতিপক্ষরা। এসময় বাধা দেওয়ায় তৈয়বুর মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171814