বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় নূর মোহাম্মদ (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নূর মোহাম্মদ ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোরখালী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শালফা গজারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শেরপুর থেকে গোসাইবাড়ীর দিকে যাওয়ার পথে গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার বালুবাহী ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক নূর মোহাম্মদ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দীন বলেন, ঘটনার পর বালুবাহী ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াশেষে নূর মোহাম্মদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171789