ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৯১ বাংলাদেশি জেলে

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৯১ বাংলাদেশি জেলে

অবশেষে দেশে ফিরলেন ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে। সরকারের কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়।

আজ সোমবার (৮ জুন) কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কান্ডার শাহ্ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও নৌযানগুলো ফেরত দেওয়ার বিষয়ে সমঝোতা হয়।

সেই সিদ্ধান্তের আলোকে গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা (আইএমবিএল) এলাকায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে এবং চারটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরপর সোমবার দুপুরে তাদেরকে কোস্ট গার্ড বেইস মোংলায় আনা হয়। সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জেলেদেরকে তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171779