চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার (৮ জুন)সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন সুবদিয়া গ্রামস্থ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হযরত আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ৪ নম্বর সুবদিয়া গ্রামের এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা একটি কফি রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা ১৬ (ষোল) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য লাখ টাকা ছাড়িয়ে যাবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।