বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ব্যবসায়ী কারাগারে
স্টাফ রিপোর্টার : বগুড়য় শিশু ধর্ষণের চেষ্টা মামলায় আসন্ন বগুড়া সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমসকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন মহানগরীর সুত্রাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত জেমস সুত্রাপুরের মো. শাহ আলমের ছেলে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মহানগরীর খান্দার মিশন হাসপাতালের সামনে রেজওয়ান হাসান জেমসের মালিকানাধীন ভ্যারাইটিজ স্টোর আছে। ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন ময়েন উদ্দিন মোল্লা (৫৮)। গত রোববার বেলা পৌনে ৩টার দিকে শিশুটি ১০ টাকা নিয়ে ওই দোকানে মালামাল কিনতে যায়। এসময় আশেপাশে কেউ না থাকার সুযোগে দোকান কর্মচারী ময়েন উদ্দিন তৃতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে টানাহেঁচরা করে তার দোকানের ভিতরে তুলে নিয়ে সার্টার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি লোকজন জানতে পেয়ে সেখানে গিয়ে সার্টার খুললে আসামি ময়েন উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ২নম্বর আসামি জেমস ঘটনাস্থলে না থাকলেও তার দোকানের কর্মচারী ১নম্বর আসামি ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতা করে। পরে লোকজন এ ঘটনায় জেমসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শিশুটির মা সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়েন উদ্দিন ও জেমসের নামে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, এ মামলার ২নম্বর আসামি জেমসকে গ্রেফতার করা হয়েছে। ১নম্বর আসামি ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে আসামি জেমসকে আদালতে পাঠানো হয়। এরপর আদালতের বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। তিনি আরো বলেন, মামলার ১নম্বর আসামি ময়েন উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171745