১৫ বছর পর কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক : ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বেলা ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ বিশ্বকাপের পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা।
এক যুগের বেশি সময় পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন তারা সবাই রোমাঞ্চিত। আজ সোমবার (৮ জুন) সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এত লম্বা সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, আমরা সবাই অনেক রোমাঞ্চিত। লম্বা সময় পর আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি এবং অধিনায়ক হিসেবে আমিও অনেক রোমাঞ্চিত। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১ ম্যাচে। ২০০৫ সালে কার্ডিফে জেতা ম্যাচে সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুল এখন টাইগারদের ব্যাটিং কোচ। অস্ট্রেলিয়া বর্তমানে কিছুটা ট্রানজিশন পিরিয়ড পার করছে। ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডও নেই। এখন নিজেদের কন্ডিশনে মুখোমুখি রেকর্ড ভালো করার সুযোগ বাংলাদেশের সামনে।
এ প্রসঙ্গে মিরাজ বলছিলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি অনেক কনফিডেন্ট যে সবাই ফর্মে আছে। ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএল এ খুব ভালো খেলেছে সবাই এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ যেহেতু অস্ট্রেলিয়ার সাথে অনেক বছর পরে সিরিজ খেলছি। যেহেতু ঘরের মাঠ, আমরা যদি সেই সুবিধাটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171738