লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করল হুতি
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, একদিন আগেই এমন সতর্কবার্তা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। সোমবার (৮ জুন) ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় সে চিত্র-ই দেখা যাচ্ছে। ইসরায়েলের ওপর হামলায় ইরানের সঙ্গে যোগ দিয়েছে ইয়েমেনের হুতিরাও।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে ইরানের উপকূলবর্তী হরমুজ প্রণালি বন্ধ হলেও খোলা ছিল লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি। হরমুজ প্রণালির মতোই লোহিত সাগর ও এডেন উপসাগরের মাঝে অবস্থিত এই প্রণালি জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ। তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের এই গোষ্ঠী। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে পুনরায় বড় ধরনের অচলাবস্থা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
হুতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক নৌযান চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকে ‘জিহাদ ও প্রতিরোধ অক্ষের’ সাধারণ মানুষের ওপর যে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেটির মুখে তারা হাত গুটিয়ে বসে থাকবে না।
ইরানি গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নতুন হামলা শুরু হলে গত শনিবারই (৬ জুন) যুদ্ধ পারস্য উপসাগরের বাইরে টেনে নেয়ার বিষয়ে সতর্ক করেছিলেন মহসেন রেজাই। তিনি বলেছিলেন, সম্ভাব্য সামরিক অভিযানগুলো হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর, বাব এল-মানদেব প্রণালি, লোহিত সাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সূত্র : আনাদোলু
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171737