৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিলো বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি : অবশেষে ৭০ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এতে করে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টাকে ঘিরে জটিলতার অবসান হয়েছে। গতকাল রোববার গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে গত কয়েক দিন ধরে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কাউকে দেখা যায়নি। আগের মতো বিজিবি ও বিএসএফ’র অতিরিক্ত সদস্যদের উপস্থিতিও ছিল না। উভয় বাহিনী নিজ নিজ অবস্থান থেকে সরে গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১০ জন সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বাংলাদেশে পুশইনের চেষ্টাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে তারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটান। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জন্য কোনো ধরনের আশ্রয়ের ব্যবস্থা ছিল না।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা বিজিবি’র সঙ্গে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছিলাম। রাত ১২টার দিকে বিএসএফ তাদের সীমান্তের লাইট বন্ধ করে দেয়। পরে রাত প্রায় আড়াইটার দিকে তারা কাটাতারের গেট খুলে ওই লোকজনকে সেখান থেকে নিয়ে যায়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিএসএফ আমাদের সঙ্গে কথা বলে রাত আড়াইটার দিকে তাদেরকে সেখান থেকে নিয়ে গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171720