সিরাজগঞ্জ ফুলজোড় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের ফুলজোড় নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি দীর্ঘ সময় পানিতে ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী বলেন, নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171705