বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি মুদি দোকানি সাইফুল ইসলাম (৪৬)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদস্যরা শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি দল শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি অটোরিকশাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৬)কে গ্রেফতার করে। ধৃত সাইফুল নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে। তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানায়, শিশুটি নন্দীগ্রামের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার বাড়ির পাশে আসামি সাইফুলের মুদি দোকান রয়েছে। গত একমাস ধরে আসামি সাইফুল শিশুটিকে বিনা টাকায় দোকানের খাবার দিয়ে আসছিল। এই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ দুপুর ১২ টার দিকে শিশুটি তার দোকানে যায়।
এসময় সে তাকে নতুন জামা ও মেহেদী দেওয়ার লোভ দেখিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামে আরিফ হোসেনের নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আসামি সাইফুল তাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয় লোকজন দেখে শিশুটিকে উদ্ধার করে এবং তার বাড়িতে গিয়ে তার অভিভাবককে জানায়। পরে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসাবে মুদি দোকানি সাইফুলকে গ্রেফতার করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171702