বগুড়া গাবতলীর জিয়াবাড়ীর সামনে কাঁচা রাস্তার কার্পেটিং শুরু

বগুড়া গাবতলীর জিয়াবাড়ীর সামনে কাঁচা রাস্তার কার্পেটিং শুরু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর বাগবাড়ীতে দীর্ঘ দেড় যুগ পর ৮৪ লাখ টাকা ব্যয়ে জিয়াবাড়ীর সামনে কাঁচা রাস্তা কার্পেটিং কাজ শুরু হয়েছে। সরেজমিনে জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী জিয়াবাড়ীর সামনে দিয়ে দক্ষিন দিকে ৫শ’ মিটার কাঁচা সড়ক দীর্ঘদিন থেকে অবহেলিত ছিল। সামান্য বৃষ্টিতেই বিভিন্নস্থানে পানি জমে রাস্তায় কাদা হতো।

পায়ে হেঁটে মানুষের চলাচলে কষ্ট হতো। অবশেষে গত কয়েকমাস আগে থেকে এলজিইডি ৮৪ লাখ টাকা ব্যয়ে ওই রাস্তাটি পাকাকরণের কাজ শুরু করে। কাঁচা সড়কটি ছিল খুবই সরু ও নিচু। এছাড়াও রাস্তার জায়গা নিয়ে জটিলতাও ছিল। তাই রাস্তা কার্পেটিং নির্মাণ কাজ শুরু করতে কিছুটা বিলম্বিত হয়।

নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রোকন তালুকদার বলেন, শহীদ জিয়ার জন্মস্থান বাগবাড়ীতে হওয়ায় বিগত ১৭বছর রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। দীর্ঘদিন পরে হলেও রাস্তাটি কার্পেটিং কাজ শুরু হয়েছে-এতেই আলহামদুলিল্লাহ।

বাগবাড়ী গ্রামের বাসিন্দা আজাহার আলী মন্ডল বলেন, রাস্তাটির পূর্বধারে ইটের গাধুনি দিয়ে গাইড ওয়াল দেওয়া হচ্ছে। রাস্তাটি কার্পেটিং কাজের উপযোগী করতে আরও ২/৩মাস সময় লাগবে। এ ব্যাপারে গাবতলী উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নশিপুর ইউনিয়ন পরিষদ হতে বাগবাড়ীর জিয়াবাড়ী পর্যন্ত এলজিইডির ৮৪ লাখ টাকা ব্যয়ে ৫’শ মিটার সড়ক কার্পেটিং এর কাজ চলমান রয়েছে।

গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাড়ী বাগবাড়ী জিয়াবাড়ী আগমন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় বাগবাড়ীর জিয়াবাড়ী কাঁচা সড়কে গাড়ী চলাচলের উপযোগীর জন্য জরুরী থোক বরাদ্দের অর্থায়নে অস্থায়ীভাবে ইটের সলিং বিছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যার বরাদ্দ এখনো পাওয়া যায়নি। পরে ওই বিছানো ইট তুলে নিয়ে ঠিকাদার পুনরায় রাস্তার কার্পেটিং কাজ চলমান রেখেছেন।

এ প্রসঙ্গে ঠিকাদার হক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শামীম হোসেন শামীম বলেন, তিনি গত ৭/৮মাস আগে জিয়াবাড়ী কাঁচাসড়কটি পাকাকরণের ওয়ার্ক অর্ডার পেয়েছেন। কিন্তু সম্পূর্ণ কাচা মাটিতে উচু ও প্রশস্ত করে রাস্তা নির্মাণের কাজ শুরু করায় কিছুটা বিলম্বিত হচ্ছে। তাছাড়া রাস্তার জায়গা নিয়েও সমস্যা ছিল। পরে এমপি মোরশেদ মিল্টন ও জনপ্রতিনিধিদের সহায়তায় রাস্তা নির্মাণের সকল জটিলতার সমাধান হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171696