সিরাজগঞ্জের তাড়াশে মাদকসেবীর জেল-জরিমানা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনরত অবস্থায় নুরুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে। দণ্ডিত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত কলি প্রামাণিকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঈশ্বরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় নুরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এজেডএম নাহিদ হাসান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত নুরুল ইসলামকে ১ মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদের শাস্তির আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এজেডএম নাহিদ হাসান জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে। তরুণ সমাজ ও এলাকাকে মাদকমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানা মূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171694