উত্তরের তিন জেলায় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ২
করতোয়া ডেস্ক: উত্তরের তিন জেলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরও ২ শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর...
পঞ্চগড় : জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে পানিতে ডুবে আব্দুর রহিম(১৪) ও লাবিব(১৪) নামে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) দুপুরে ইউনিয়নের পূর্ব সাহেবীজোত গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম একই ইউনিয়নের শিতলী হাসনা গ্রামের জাকির হোসেনের ছেলে এবং লাবিব পূর্ব সাহেবী জোত গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তারা দু’জন পৃথক দু’টি মাদরাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার (৭ জুন) দুপুরে কয়েকজন বন্ধুর সাথে পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি দু’জনকেই মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রবিয়াল ইসলামের চার বছর বয়সী মেয়ে রুপাইয়া এবং আউয়াল হোসেনের সাড়ে চার বছর বয়সী মেয়ে আশফিকা সম্পর্কে চাচাতো বোন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রুপাইয়া ও আশফিকা আজ রোববার (৭ জুন) বেলা সাড়ে ৩টায় বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় দু’জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। এদিকে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট : জেলার সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুইভাই নিখোঁজ হয়েছে। আজ রোববার (৭ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান ঘটনার দিন বিকেল পর্যন্ত অব্যাহত থাকলেও সন্ধান মেলেনি কারো।
নিখোঁজরা হলো- মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির(১৬)। তারা দু’জন মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন দুপুরে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। এসময় বন্ধু মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171691