নাটোরে প্রতিমন্ত্রী পলকের পিএসহ গ্রেফতার ২
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গভীর রাতে এক অভিযান চালিয়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ মাহিদুল ইসলাম মানিক এবং উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ (পার্সোনাল ফটোগ্রাফার) হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি নাটোরের সিংড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ চামারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171690