বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত, আলোচনা হবে ৪০ ঘণ্টা

বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত, আলোচনা হবে ৪০ ঘণ্টা

জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। বাজেট নিয়ে এই অধিবেশনে আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) শুরু হয়েছে। ১১ জুন সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রস্তাব করা হয়, ২৭-৩০ জুন এ চার দিন প্রতিদিন দুই বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171674