ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ইরাকের স্ট্রাইকারকে যুক্তরাষ্ট্রে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪০ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট মধ্যপ্রাচ্যের দেশটি। সেই ম্যাচে গোল করা ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেনকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দীর্ঘ এই জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত হুসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরাকের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার (৬ জুন) ভোরে ইরাক দল শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। ইরাক ফুটবলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই ৩০ বছর বয়সী হুসেনকে আলাদা করেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এরপর তাকে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করা হয়।

অন্যদিকে দলের আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই দেওয়া হয়নি। এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা হুসেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পাঠানো বার্তার কোনো জবাব দেয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171612