রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত এগিয়ে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে। একই সঙ্গে, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আজ রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পর গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং গোয়ালন্দ ঘাট এলাকায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হবে। ভালো কাজের স্বীকৃতি দেয়া হবে, আবার কোথাও ব্যর্থতা থাকলে সেটি তিরস্কারের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রামিসা হত্যার ঘটনায় আদালতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস, পুলিশি গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের প্রেক্ষাপটে এই মামলার অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অর্জনসমূহ সামগ্রিকভাবে প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতেও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171608