শেষ প্রস্তুতি ম্যাচে জয় ব্রাজিলের

শেষ প্রস্তুতি ম্যাচে জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। মূল প্রতিযোগিতায় মাঠে নামার আগে পানামাকে বিধ্বস্ত করার পর এবার মিশরকেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার বিষয়টি জানান দিয়েছে সেলেসাওরা। চোটের কারণে এই ম্যাচেও খেলেননি নেইমার।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন পার্ক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের গোল দুটি করেন ব্রুনো গুইমারায়েস ও এনদ্রিক। মিশরের গোলটি আসে মোস্তফা জিকোর পা থেকে। রক্ষণের ভুলে প্রথম গোল হয় ম্যাচের। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গুইমারায়েস। তবে দ্রুতই ম্যাচে ফেরে মিশর। ১১ মিনিটে মারকিনিওসেরর ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করে সমতা ফেরান মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো। 

প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়। বিরতির পর বদলি খেলোয়াড়রা মাঠে নেমে বদলে দেন ম্যাচের গতি। পানামার বিপক্ষের ম্যাচের মতোই দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল। ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনহার ক্রস এক টাচে জালে বল পাঠান এনদ্রিক। এটি ছিল ব্রাজিল জাতীয় দলের হয়ে দুই বছর পর এন্দ্রিকের প্রথম গোল। ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আগামী ১৩ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171586