জয়ের ছন্দে আর্জেন্টিনা, বিশ্রামে ছিলেন মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসিকে পুরো ম্যাচ বেঞ্চে রেখেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
কোচ লিওনেল স্কালোনি ম্যাচে একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। পেশির ক্লান্তি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়। ম্যাচে আর্জেন্টিনার হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন কেবল অগাস্তিন গিয়াই।
দর্শকে ঠাসা কাইল ফিল্ডে শুরু থেকেই আর্জেন্টিনার পক্ষে ছিল সমর্থকদের জোরালো উপস্থিতি। তবে সবার চোখ ছিল বেঞ্চে বসে থাকা লিওনেল মেসির দিকে। শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি।
ম্যাচের ৩৭তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতরে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন তিনি।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৫১তম মিনিটে লাউতারোর দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন জিউলিয়ানো সিমিওনে। এই গোলেই ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে যায়।
গোলের পর স্কালোনি দলে কয়েকটি পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেননি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পান। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখনো শতভাগ ফিট নন।
ম্যাচের আগে স্কালোনি জানিয়েছিলেন, মেসির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। তাই হন্ডুরাসের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী ৯ জুন আইসল্যান্ডর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171579