সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ-এর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য দায়িত্বশীল কোনো সরকারি ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয় এবং এটি জাতির জন্য অপমানজনক।

রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বক্তব্য দেওয়ার তিন দিন পরও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া না আসায় এটিকেই সীমান্ত হত্যা বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ধরে নেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি উল্লেখ করেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে মানুষের জীবনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘের নীতিমালা অনুযায়ী প্রাণঘাতী অস্ত্র কেবল জীবন রক্ষার শেষ উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো অপরাধ দমনের অজুহাতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয়।

পোস্টে নাহিদ ইসলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন-এর অতীতের অনুরূপ মন্তব্যেরও সমালোচনা করেন এবং দাবি করেন, সীমান্ত হত্যা প্রশ্নে কোনো সরকারেরই নতজানু অবস্থান গ্রহণ করা উচিত নয়।

এনসিপি আহ্বায়ক অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171573