মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, দায়িত্ব গ্রহণের সময় মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। তার অভিযোগ, মব-সংক্রান্ত অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।
শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জেলা এনসিপির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে অবনতি ঘটেছে। তার দাবি, গত মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং তাদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে মাত্র তিন মাসের মধ্যেই সরকার জনসমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখপাত্র বলেন, কিছু জেলায় এমপি বা মন্ত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানেও প্রত্যাশিত জনসমাগম হচ্ছে না। তার ভাষায়, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ যে ধরনের সমালোচনার মুখে পড়তে দীর্ঘ সময় নিয়েছিল, বর্তমান সরকার অল্প সময়েই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তারিকুল ইসলাম, নাভিদ নওরোজ শাহ এবং জয়নাল আবেদীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171571