কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রাম জেলা ও রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, দুলু মিয়া(২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-ছেলে। একজন কুড়িগ্রামে অপরজন রংপুরে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171560