১৭ মাস পর ভারতের চেন্নাই কারাগার থেকে দেশে ফিরলেন বগুড়া নন্দীগ্রামের ২৮ শ্রমিক

১৭ মাস পর ভারতের চেন্নাই কারাগার থেকে দেশে ফিরলেন বগুড়া নন্দীগ্রামের ২৮ শ্রমিক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ শ্রমিক দীর্ঘ ১৭ মাসের দুর্ভোগ শেষে দেশে ফিরেছেন। গত ২৭ মে তাঁরা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। দীর্ঘদিন কারাভাব ও বন্দিদশার অবসান হওয়ায় স্বজনদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

দেশে ফেরা শ্রমিকেরা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কুহলী, দোহার, তেঘরী ও দাসগ্রাম এবং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের বাসিন্দা। তাদের মধ্যে কুহলী গ্রামের রানা আহমেদ (৩০), আতিকুল ইসলাম (২৮), ফারুক হোসেন (৩০), ফিরোজ হোসেন (২১) এবং তেঘরী গ্রামের সেলিম হোসেন (২৭) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে এসব শ্রমিক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের তামিলনাড়ুর একটি হোটেল থেকে দিল্লির সিআইডি তাদের আটক করে। পরবর্তীতে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। সেখানে তারা ১৪ মাস কারাদণ্ড ভোগ করেন।

কারামুক্তির পর আরও তিন মাস একটি কেন্দ্রে অবস্থান করতে হয় তাঁদের। সব মিলিয়ে প্রায় ১৭ মাস তাঁরা মানবেতর জীবনযাপন করেন। শ্রমিকদের স্বজনেরা জানান, দীর্ঘ সময় ধরে তাঁরা প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। তাদের দেশে ফেরার খবরে পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে গত ২৭ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ফেরেন।

দেশে ফেরার পর আজ শনিবার (৬ জুন) সকালে ওই শ্রমিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় তাদের সুখ-দুঃখের নানা অভিজ্ঞতার কথা শোনেন তিনি। দেশে ফেরত রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ ১৭ মাস অনেক কষ্ট করেছি। এমপি মহোদয়ের উদ্যোগে দেশে ফিরতে পেরে আমরা খুবই আনন্দিত।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, “বিদেশে আটকে পড়া এসব শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অবশেষে আমাদের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চেষ্টায় তাঁরা দেশে ফিরতে পেরেছেন, যা স্বজনদের জন্য স্বস্তির বিষয়। ভবিষ্যতে কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে না যান, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেউ যেন দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গিয়ে ঝুঁকির মধ্যে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই ভারতে আটকে পড়া শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য তাদের পরিবারের সদস্যদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতায় সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।” তিনি আরও বলেন, “মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171540