গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’: ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র

গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’: ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা।

শনিবার (৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সর্ব মিত্র দাবি করেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি কাজে ট্রেজারারের সঙ্গে দেখা করতে গেলে বিদায়ের সময় ট্রেজারার তাকে উদ্দেশ্য করে বলেন, “তোমাদের ডাকসুর ওই ছোটখাটো চাকমা ছেলেটাকে আমার কাছে পাঠাইও, দেখি তার সাহস কেমন।”

সর্ব মিত্রের ভাষ্য অনুযায়ী, মন্তব্যটি তার উদ্দেশেই করা হয়েছে এবং এতে হুমকি ও ক্ষোভের ইঙ্গিত রয়েছে। পোস্টে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শনিবারে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু করা হয়েছে।

তার অভিযোগ, এই উদ্যোগ বাস্তবায়নে ট্রেজারার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, যার কারণেই তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়ে থাকতে পারে। ট্রেজারারের বক্তব্যের সমালোচনা করে সর্ব মিত্র লেখেন, “ভুলে যাবেন না, আপনি একজন শিক্ষক। পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের মর্যাদা ও অবস্থান বিবেচনা করুন। হাঁটুর বয়সী শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কেন?” একই সঙ্গে তিনি মন্তব্যে জাতিগত বৈষম্যের প্রসঙ্গও তুলে ধরেন। সর্ব মিত্র বলেন, “মানুষ হিসেবে র্যাসিজম বা জাতিগত বিদ্বেষের বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন—এই অনুরোধ রইলো।”

তবে সর্ব মিত্রের উত্থাপিত অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171533