বগুড়ার সেঞ্চুরি মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চারমাথাস্থ সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৪৯) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ জুন) বিকেলে ওই মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপুল চন্দ্র বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।
থানা পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরিতে একটি রুম নেন। আজ শনিবার (৬ জুন) দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এসময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল প্রথমে দোতলার একটি কক্ষ ভাড়া নেন পরে গভীর রাতে তিনি ৬১০ নম্বর কক্ষে যান, সিসি টিভি ফুটেজে দেখা গেছে তার সাথে একটি নারী ছিল। তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিপুল চন্দ্রের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার কক্ষ থেকে যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171508