মেসির চোট নিয়ে সবশেষ যা জানালেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের চোট নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল লা আলবিসেলেস্তেরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চোট থেকে সেরে ওঠছেন ফুটবলাররা। এই তালিকায় আছে লিওনেল মেসির নাম।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় আর্জেন্টিনার ৯জন খেলোয়াড় চোট কিংবা শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। এ কারণে তারা স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারেননি। আশার কথা হলো, তাদের কয়েকজন ইতোমধ্যে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। বাকিরাও আলাদা অনুশীলন চালিয়ে গেলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা করছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে চোটাক্রান্ত খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্বস্তির বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মেসিকে নিয়ে একটু বেশিই খুশি এই কোচ। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যাবে তারকা ফরোয়ার্ডকে।
মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে অনুশীলনের একটি অংশ দলের সঙ্গে করেছে এবং এটি গুরুত্বপূর্ণ। সে আর পুরোপুরি আলাদা নেই। এমনকি সে একটি ম্যাচেও খেলতে পারে। সেটা আগামীকালের ম্যাচ হবে নাকি পরেরটি, তা আমরা দেখব। সে অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’ খেলোয়াড়দের সুস্থতার কথা ভেবে প্রীতি ম্যাচে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি, ‘যারা আলাদা অনুশীলন করছে, তারা উন্নতি করছে। আমরা যখন স্কোয়াড ঘোষণা করেছি, তখনই প্রত্যেকের পরিস্থিতি সম্পর্কে জানতাম এবং তারা ভালো আছে। স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাচগুলোতে (প্রীতি ম্যাচ) কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের পরিকল্পনা হলো, তারা এই দুটি প্রীতি ম্যাচের অংশ হবে না।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171489