সোলজার নিয়ে নতুন সুখবর দিলেন শাকিব খান
ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক টানছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। ছবিটি ঘিরে যখন দর্শকদের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই ভক্তদের জন্য আরও একটি সুখবর দিলেন এই জনপ্রিয় অভিনেতা। সান মোশন পিকচার্সের প্রযোজনায় নির্মিত তার বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’ খুব শিগগিরই মুক্তির পথে বলে জানিয়েছেন তিনি।
‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই নতুন প্রজেক্ট ও দীর্ঘ ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব। ‘সোলজার’ মূলত ‘রকস্টার’-এর আগের ছবি। এর সিংহভাগ শুটিং আগেই শেষ হলেও এতদিন তা আটকে ছিল। তবে সুখবর হলো, ছবিটির কাজ এখন একেবারে শেষ পর্যায়ে।
সংবাদ সম্মেলনে মেগাস্টার জানান, ‘সোলজার’ সিনেমার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নতুন এই প্রজেক্টের আপডেট দিয়ে শাকিব খান বলেন, ‘এই বছরই আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে, সেটিও সান মোশন পিকচার্সের ‘সোলজার’। কিছুদিনের মধ্যে আমরা এর ক্যামেরা ক্লোজ করব। আবার নতুন করে সোলজার হচ্ছি। সিনেমার বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। খুব শিগগিরই, এই বছরেই ‘সোলজার’ নামের একটি চমৎকার ও সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।’
কথায় কথায় নিজের রূপালি জগতের রঙিন ও দীর্ঘ ২৭ বছরের পথচলা নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন এই নায়ক। ক্যারিয়ারের শুরুটা মাত্র তিন মাসের জন্য হলেও, কীভাবে যে প্রায় তিন দশক কেটে গেল, তা ভাবিয়ে তোলে এই তারকাকে।
তার কথায়, ‘আমি এর আগেও বলেছি, এখনো বলছি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। মাত্র তিন মাসের জন্য (ইন্ডাস্ট্রিতে) এসেছিলাম। কিন্তু কাজের মধ্যে দিয়ে সময়গুলো এমনভাবে পার হয়ে গেছে যে, ২৭ বছর কখন পার হলো টেরো পাইনি। জার্নিটা আসলে অনেক ভালো ছিল।