পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি (ফেস-টু-ফেস) বৈঠকের আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের এই যুদ্ধটি আবারও কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে, সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, দুই দেশের শীর্ষ নেতা যদি বৈঠকে বসেন তবে তা অত্যন্ত চমৎকার একটি বিষয় হবে।

এদিকে ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা জেলেনস্কির চিঠিটি পেয়েছে এবং এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে বিস্তারিত জানানো হবে।

চিঠির ভাষা অবশ্য বেশ আক্রমণাত্মক এবং কিছুটা উপহাসমূলক ছিল। এতে রাশিয়ার ভেতরে ইউক্রেনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

চিঠিতে জেলেনস্কি মন্তব্য করেন, দীর্ঘ ২৬ বছর ক্ষমতায় থাকার কারণে, পুতিনের ওপর এখন বয়সের ছাপ ও ক্লান্তি পড়তে শুরু করেছে। 

খোলা চিঠিতে সরাসরি বৈঠকের একটি আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পুতিনের উদ্দেশ্যে জেলেনস্কি লিখেছেন, আপনার ও আমাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ অবসানের প্রস্তাব দিচ্ছে ইউক্রেন। আমি একটি বৈঠকের আহ্বান জানাচ্ছি। 

তবে ইউক্রেনীয় নেতার পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার তিনি এই আহ্বান জানিয়েছেন।

আর প্রতিবারের মতোই এবারও ক্রেমলিনের পক্ষ থেকে একই জবাব দেওয়া হয়েছে। মস্কো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের জন্য জেলেনস্কি চাইলে মস্কো সফর করতে পারেন, সেখানে তাকে স্বাগত জানানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171345