চিকিৎসা নিতে গিয়ে দিল্লির অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশি নিহত
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা দিল্লির দুই হাসপাতালের আইসিইউ ভেন্টিলেশনে চিকিৎসাধীন। তারা হলেন- শহিদুল ইসলাম, আমিন জামান ও রিয়ানা। বাকি আহতদের মধ্যে আছেন- সামিয়া, জহুরা, সালমা, মোশারফ ও রোমান। দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বর্তমানে তার পরিবার ভারতের পথে রয়েছে। পরিবার লাশ শনাক্ত করলে নিহতের পরিচয় প্রকাশ করা হবে। অন্যদিকে গুরুতর আহত তিনজনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ও ম্যাক্স স্মার্ট হাসপাতালের আইসিইউ ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাকিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারত সরকার তাদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। পাশাপাশি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন। গতকাল দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আটজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহত বাংলাদেশিদের আন্তরিকতার সঙ্গে দিল্লির বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে।
হাইকমিশন বলেছে, চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য তাদের আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের হতাহত হওয়ার তথ্যও দিয়েছে হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ভারতের ৯, নাইজেরিয়ার ৪, মোজাম্বিকের ২, লাইবেরিয়ার ১ এবং উজবেকিস্তানের ১ জন মারা গেছেন।
উল্লেখ্য, বুধবার সকালে দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171332