যে কারণে পেছালেন ‘স্পাইডার-ম্যান’র শুটিং
হলিউড তারকা টম হল্যান্ডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শুটিং পেছানোর কারণ অবশেষে জানা গেছে। প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন প্রজেক্ট ‘দ্য ওডিসি’র শিডিউলের সঙ্গেই এই পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
জানা গেছে, একই সময়ে ক্যারিয়ারের দুটি বড় প্রজেক্টের কাজ শুরু হওয়ার কথা থাকায় জটিল পরিস্থিতিতে পড়েন টম হল্যান্ড। এ কারণে ‘স্পাইডার-ম্যান’র প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্সের সঙ্গে তাকে সময়সূচি নিয়ে অস্বস্তিকর আলোচনায় বসতে হয়।
আন্তর্জাতিক সাময়িকী ‘জিকিউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘স্পাইডার-ম্যান’ সিনেমার প্রস্তুতির মাঝেই তিনি নোলানের ‘দ্য ওডিসি’তে অভিনয়ের প্রস্তাব পান। ফলে দুটি বড় বাজেটের ছবির কাজ একই সময়ে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা তাকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলে।
পরবর্তীতে তিনি সনি পিকচার্সকে শুটিংয়ের সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানান। নোলানের কাজ নির্ধারিত সময়ে শেষ করার খ্যাতির কারণে শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটি শিডিউল পরিবর্তনে সম্মত হয়। এর ফলে ‘দ্য ওডিসি’তে কাজ করার সুযোগ পান হল্যান্ড।
আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপজ্জনক যাত্রা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর দুই সপ্তাহ পর, ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
সিনেমাটিতে টম হল্যান্ডের পাশাপাশি অভিনয় করেছেন জেনডায়া, জ্যাকব ব্যাটালন, স্যাডি সিঙ্ক ও জন বার্নথাল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171310