ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং এ আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গিয়ে পাশের খাদে গিয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে অবৈধ লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। পরে মাইক্রোবাস চালক ও যাত্রীরা দ্রুতগামী ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যায়। পরে মাইক্রোবাসটি ট্রেনের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছরে পাশের খাদে ছিটকে পড়ে। মাইক্রোবাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। চলন্ত ট্রেনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এই ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় ট্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তিনি তাৎক্ষণিক ভাবে বিষয়টি পরিষ্কার করে জানাতে পারেন নি। তবে এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171299