কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে
প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা ছিল না। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলাগুলো ভিত্তিহীন। তিনি জানান, আইভী আইনি লড়াই চালিয়ে যাবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ ১২টি মামলায় পর্যায়ক্রমে হাইকোর্ট জামিন দেন, যা পরে আপিল বিভাগ বহাল রাখে। এর ফলে তার মুক্তির পথ সুগম হয়।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাবন্দি ছিলেন। মুক্তির সময় কারাগার ফটকে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন। তবে কারাগার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171249